বিসিবির আপিল নাকচ, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

আইসিসির এক সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত আলোচনায় আসে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যেতে অনাগ্রহ প্রকাশের বিষয়টি। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিলেও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি।

এরপরই কঠোর অবস্থান নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়। তাদের জায়গায় ‘সি’ গ্রুপে সুযোগ পায় স্কটল্যান্ড। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। কলকাতায় অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রিকবাজ। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইন্ডিয়া টুডে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে আইসিসি অবহিত করেছে যে বিশ্বকাপে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে আইসিসির সিদ্ধান্ত বহাল রাখে ডিআরসি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495