ফলোআপ

আলম মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি

মো. সাব্বির মামুন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

আলম মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে ডিসির প্রজ্ঞাপন জারি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ।সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ২৫ মার্চ মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। এমতাবস্থায় পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখা এবং জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী ১নং প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমকে পরিষদের পূর্ণ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, অভিযোগ উঠে মব করে প্যানেল চেয়ারম্যান হন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা। এনিয়ে ১১ এপ্রিল 'মব করে প্যানেল চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে মাসুদের দৌড়ঝাঁপ' শিরোনামে সংবাদ প্রকাশ করে মফস্বল সংবাদ। সংবাদে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে মবের প্রভাব খাটিয়ে বিদ্যমান প্যানেল চেয়ারম্যানদের কার্যত অকার্যকর দেখানো হয়। একই সঙ্গে ইউপি সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে নতুন করে প্যানেল চেয়ারম্যান হন ইউপি সদস্য মাসুদ রানা।

এদিকে সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিস্থিতি নতুন মোড় নেয়। চেয়ারম্যানের মৃত্যুর পর থেকেই মাসুদ রানার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য জোর তদবিরের অভিযোগ উঠেছে।

১ নম্বর প্যানেল চেয়ারম্যান শাহ আলম অভিযোগ করে বলেন, “৫ আগস্টের আগে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে আমিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতাম। কিন্তু পরবর্তী সময়ে আমাকে রাজনৈতিকভাবে ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ সে সময় আমি রাজিবপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির ১ নম্বর প্রতিনিধি ছিলাম। বিএনপি নেতাদের চাপ ও ভয়ভীতির কারণে পরিষদে যেতেও পারিনি।

এমন সংবাদ প্রকাশের পর আজ আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেন ডিসি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495