সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
নোয়াখালী-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে এবং মব সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে পুরুষ ও নারীদের নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা উদ্বেগজনক। এ কারণে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কার্যকর করে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত।
রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্দেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তিনি একজন আইনজীবী ও ব্যারিস্টার ডিগ্রিধারী। তিনিও নিজেও ব্যারিস্টারি পড়াশোনা করেছেন এবং একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে পেশাগতভাবে কাজ করছেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর তারা একসঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন। কায়সার কামাল ডেপুটি স্পিকার হওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবেও শুভেচ্ছা জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, সংসদ একটি আইনসভা হওয়ায় কায়সার কামাল তার আইনগত অভিজ্ঞতা ও সাংবিধানিক জ্ঞান কাজে লাগিয়ে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলবেন।
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, যারা অভিজ্ঞ ও পেশাদার আইনজীবী, তাদের সংসদে বেশি সময় দিয়ে কথা বলার সুযোগ দেওয়া হলে দেশ উপকৃত হবে। কারণ অনেকেই আছেন যারা নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন না, কিন্তু অভিজ্ঞ আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
শেষে তিনি আবারও বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মানহানি করা হচ্ছে এবং বিশেষ করে নারীদের নিয়ে অপপ্রচার ও মব তৈরি করা হচ্ছে, তা নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।