আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। চাপের মুহূর্তে সাইফউদ্দিনের ব্যাটে ছক্কা-চারে আসে ১৩ রান, ফলে শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৩ রান। ২ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে স্বাগতিক বাংলাদেশ। ৪ উইকেটের এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল টাইগাররা।

চট্টগ্রামে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন টাকার। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ইনিংসের নায়ক লিটন দাস খেলেন ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস।

লক্ষ্য তাড়ায় দ্রুতই রান আউট হয়ে ফেরেন তানজিদ তামিম (৭)। তবে অপর ওপেনার ইমন খেলেন আক্রমণাত্মক ২৮ বলে ৪৩ রানের ইনিংস। তৃতীয় উইকেটে এসে অধিনায়ক লিটন তুলে নেন দায়িত্ব। ৩৪ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত ৫৭ রানে ফিরেন তিনি।

মিডল অর্ডারে হৃদয় ও সোহান দ্রুত ফিরে গেলে ম্যাচে কিছুটা চাপ তৈরি হয়। তবে শেষদিকে সাইফউদ্দিন ৭ বলে অপরাজিত ৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। টাইগারদের স্পিনার শেখ মেহেদি ও নাসুম ছিলেন ব্যয়বহুল। ম্যাচের তৃতীয় ওভারে হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ায় প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।

পুনরায় খেলা শুরুর পরেও আয়ারল্যান্ড আক্রমণাত্মক ছিল। তবে স্টার্লিংকে ২৯ রানে থামান তানজিম সাকিব। পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড তোলে ৭৫ রান—বাংলাদেশের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ।

মেহেদির বলে টেক্টর ফিরলে আয়ারল্যান্ড কিছুটা চাপে পড়ে। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষদিকে টাকারের লড়াইয়ে স্কোর পৌঁছায় ১৭০-এ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495