চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
ইরান থেকে জ্বালানি তেল আমদানির মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে ভারত। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, এই লেনদেন পরিচালিত হচ্ছে ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ওপর থাকা ৩০ দিনের কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ভারতের ইরানি তেল আমদানি এবং বিকল্প মুদ্রায় পরিশোধের বিষয়টি সামনে এসেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের শুরুতে ভারতের রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ২০ কোটি ডলার সমমূল্যের প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করে। একই সময়ে ভারতের আরেক জ্বালানি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইরানি তেল বহনকারী চারটি জাহাজ থেকে তেল খালাস করেছে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে চীনা ইউয়ানে ইরানি তেলের মূল্য পরিশোধ করেছে। ব্যাংকটির সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ লেনদেন সম্পন্ন হয়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের লেনদেন বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প মুদ্রা ব্যবহারের প্রবণতা আরও বাড়াতে পারে।