অ্যামোনিয়া সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানার উৎপাদন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাইঅ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) কারখানায় অ্যামোনিয়া সংকট দেখা দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যামোনিয়ার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। তবে অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে আবারও উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারের লক্ষ্য এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানার দুটি ইউনিট (ডিএপি–১ ও ডিএপি–২) রয়েছে, যেগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে আসছে।

ডিএপিএফসিএল শুরু থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ায় ডিএপি কারখানাটিও সংকটে পড়ে এবং অবশেষে মজুদ শেষ হয়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495