ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

অপশক্তির ভয়ভীতি দেখিয়ে আবহমান বাংলা গানকে থামিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, বাঙালির হাজার বছরের সংগীত ঐতিহ্যকে শিকড় থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চললেও তা সফল হবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ‘বর্ষবরণ-১৪৩৩’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

সারওয়ার আলী বলেন, বাংলা গান বাঙালির আনন্দ-বেদনা, মিলন-বিরহ এবং সংকটের অবিচ্ছেদ্য সঙ্গী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি অধিকার আদায়ের লড়াইয়ে সংগীত আমাদের প্রেরণা জুগিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একসূত্রে গেঁথে রাখে এই সংগীত। কিন্তু একটি অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে ভয় দেখিয়ে এই শক্তি থেকে দূরে সরিয়ে দিতে চায়, যা কখনোই সম্ভব নয়।

তিনি আরও বলেন, বাংলা গানের বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। তবে ভয়ভীতি প্রদর্শন করে এই সংগীতচর্চা থামানো যাবে না।

গত বছরের কিছু দুঃখজনক ঘটনার কথাও তুলে ধরেন ছায়ানট সভাপতি। তিনি জানান, গত বছর রমনার বটমূলে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ এবং উদীচীসহ বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার স্মৃতি ২০০১ সালের রমনার বটমূলে ভয়াবহ ঘটনার কথাও মনে করিয়ে দেয়।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে সারওয়ার আলী বলেন, বর্তমানে মার্কিন-ইসরায়েলি নিপীড়নের ফলে পারস্য সভ্যতা সংকটাপন্ন অবস্থায় রয়েছে, যা বিশ্ববাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে তিনি বিশ্বশান্তি কামনা করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495