হিজাব-নিকাব নিয়ে বেরোবি ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ এএম
হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের এক নেতা। বিতর্কিত ওই নেতার নাম তুহিন রানা। তিনি বেরোবি ছাত্রদলের সহসভাপতি পদে রয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের ডাকা এক সম্মেলন সংক্রান্ত সংবাদের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যটি করেন তুহিন রানা।
ওই মন্তব্যে তিনি লেখেন, ‘ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?’
তার এ মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলছেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত অবমাননাকর ও অশালীন।
তারা আরও বলেন, হিজাব-নিকাব বা বোরকা কোনো রাজনৈতিক দলের প্রতীক নয়; এটি ধর্মীয় অনুশাসনের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর একটি বড় অংশ পর্দা পালনে সচেতন। ফলে এ ধরনের মন্তব্য সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
এ বিষয়ে বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, পর্দানশীন নারীদের ‘ভূতের মতো লাগে’—এমন মন্তব্য কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয়। এটি নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থী।
এ বিষয়ে তুহিন রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্যের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, মহিলারা যখন কালো বোরখা, হিজাব, নিকাব পরে, তখন দেখতে কালো ভূতের মতো লাগে—আমি সেই অর্থেই বলেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।