প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছালেন ৪১৯ বাংলাদেশি, জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হজ মৌসুমের প্রথম ফ্লাইট সফলভাবে সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের প্রধান অপারেশন কর্মকর্তা ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ব্যবস্থাপক রায়েদ বাকশাউন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট ২০২৬ এর উদ্বোধন করেন। পরে রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495