চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগান ঘিরে উত্তেজনা, ২ শিক্ষার্থীকে মারধর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল গেট এলাকায় শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে বিতণ্ডার এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির সরকার এবং আশিকুর ইসলাম। তাদের মধ্যে আবির সরকার শহীদ ফরহাদ হোসেন হল সংসদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী আশিকুর ইসলাম জানান, তারা সাতজন মিলে একটি হোটেলে খাবার খেয়ে ক্যাম্পাসে ফেরার জন্য ৩ নম্বর বাসে উঠতে যান। বাসটি দূরে থাকায় দ্রুত দৌড়ে যাওয়ার সময় হইচইয়ের মধ্যে একজন মজা করে ‘নারায়ে তাকবির’ এবং আরেকজন ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

এরপর স্থানীয় এক ব্যক্তি তাদের স্লোগান দেওয়ার কারণ জানতে চাইলে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা বাসে উঠে যান।

আশিকুর ইসলামের অভিযোগ, পরে স্থানীয় একজন বাস থামিয়ে তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। আবির সরকার বিষয়টি ভিডিও করতে ফোন বের করলে স্থানীয়রা তার ফোন কেড়ে নেয়। এরপর ফোন ফেরত চাইলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে দোকান থেকে কাঠ নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে তিনি অভিযোগ করেন।

আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আবির সরকারের বাম হাতে আঘাত লাগে এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশিকুর ইসলামের ঘাড় ও হাতে আঘাত পাওয়া গেছে।

ঘটনার পর রাত সাড়ে ৩টায় আবির সরকার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় স্থানীয় দুইজনকে আসামি করে মামলা করেন। পরে রাত ৪টার দিকে হাটহাজারীর এগারো মাইল এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495