গাজীপুরে অস্ত্রের মুখে ইমামের মেয়ে অপহরণ, ৪৮ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপহরণের ৪৮ ঘণ্টা পার হলেও এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তিনি বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অপহরণের হুমকিও দিতেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আবিদ ও তার সহযোগীরা প্রথমে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেছে পরিবার।
ভুক্তভোগীর বাবা বলেন, প্রথমে মেয়েকে উদ্ধার করা হলেও সালিশ চলাকালীন আবার অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ জানান, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল আসামি ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।