৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোহ হিন্দুকুশ অঞ্চল। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার এই ভূমিকম্পে ইসলামাবাদ, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান, চিত্রাল এবং রাওয়ালপিন্ডিতেও মানুষ ভূকম্পন টের পান।
ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার নিচে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান নিয়মিত ভূমিকম্প ঝুঁকিতে থাকে।
এর আগে চলতি মাসের শুরুতে ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যা বিভিন্ন শহরেও অনুভূত হয়।