৪৭তম বিসিএসে নকলের অভিযোগে প্রার্থিতা বাতিল, পিএসসির পরীক্ষায় এক বছরের জন্য অযোগ্য ঘোষিত পরীক্ষার্থী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় নকলের অভিযোগে একজন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাঁকে আগামী এক বছরের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় এক পরীক্ষার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেন। ঘটনাটি পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়ায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। তাঁর প্রার্থিতা বাতিল করে পরবর্তী এক বছর পিএসসির সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা–২০০০’ অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়েছে।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেছিলেন।

এরই মধ্যে গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, নকল বা যেকোনো ধরনের অনৈতিক প্রচেষ্টা বিসিএস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ পরীক্ষায় কঠোরভাবে দমন করা হবে। পিএসসি জানায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495