মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলায় থাকছেন তাসনিয়া ফারিণ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

সারা দেশের ক্ষুদে গণিতপ্রেমী শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু (Mojaru) আয়োজিত জনপ্রিয় গণিত প্রতিযোগিতা ‘অ্যাবাকাস স্পিড মাস্টার সিজন–থ্রি’–এর গ্র্যান্ড ফিনালে।

৩১ অক্টোবর (শুক্রবার) আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা হলে বসবে এই বছরের সবচেয়ে বড় “মানব ক্যালকুলেটরদের” মহামিলনমেলা।

ইভেন্টের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি ক্ষুদে প্রতিযোগীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন অনুষ্ঠানে।

 

মজারুর জনপ্রিয় অ্যাবাকাস মাইন্ডম্যাথ কোর্স থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে ৬৯৮ জন ক্ষুদে গণিতবিদ নির্বাচিত হয়েছেন গ্র্যান্ড ফিনালের জন্য। প্রতিযোগীরা খাতা, কলম বা ক্যালকুলেটর ছাড়াই মাথার গণনায় অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে সমাধান প্রদর্শন করবেন- যা হবে অনুষ্ঠানটির মূল আকর্ষণ।

এবারের আসরে ঘোষণা করা হবে দুইজন গ্র্যান্ড চ্যাম্পিয়ন, যারা প্রত্যেকে পাবেন এক লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া আরও ১১ জন চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার টাকা করে, ১১ জন প্রথম রানার আপ পাবেন ১৫ হাজার টাকা করে, এবং ১১ জন দ্বিতীয় রানার আপ পাবেন ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র, এবং সকল অংশগ্রহণকারীও পাবেন সনদ ও মেডেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন এবং শিশু মানবাধিকারকর্মী ফাতিহা আয়াতসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

 

মজারুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলাউদ্দীন বলেন, “আমরা চাই শিশুরা আনন্দের মধ্য দিয়েই শিখুক, যাতে শিক্ষা তাদের কাছে কোনো চাপ নয়- বরং আনন্দ ও উৎসাহের বিষয় হয়ে ওঠে। মজারু শিশুদের আগামী দিনের জন্য প্রস্তুত করতেই কাজ করছে।”

মজারু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় কিডস এডটেক প্ল্যাটফর্ম, যা শিশুদের একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যৎমুখী দক্ষতা বিকাশে কাজ করছে। তাদের জনপ্রিয় কোর্সসমূহের মধ্যে রয়েছে- অ্যাবাকাস মাইন্ড ম্যাথ, স্মার্ট ইংলিশ ফর কিডস, ক্যাডেট প্রস্তুতি, প্রোগ্রামিং ফর কিডস এবং প্রবাসী শিশুদের জন্য “বাংলা আমার ভাষা” কোর্স।

প্রতিযোগিতার লক্ষ্য শুধু পুরস্কার নয়, বরং শিশুদের যুক্তি, মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ানো- যাতে তারা হয়ে উঠতে পারে ভবিষ্যতের সৃজনশীল ও দক্ষ নাগরিক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495