জ্বালানি তেলের দাম কমলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
রাশিয়ার ব্ল্যাক সি বন্দরে দুই দিনের বিরতির পর পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (১৭ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৩.৮৬ ডলার।
একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ৫৬ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৫৯.৫৩ ডলারে নেমে আসে।
গত সপ্তাহে রাশিয়ার নভোরোসিস্ক ও ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে রপ্তানি সাময়িক বন্ধ থাকায় তেলের দাম কিছুটা বেড়েছিল। যদিও রপ্তানি ফের শুরু হয়েছে, তবুও ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এখনও ঝুঁকির মুখে রয়েছে। রিয়াজান ও নভোকুইবিসেভস্কের দুটি পরিশোধনাগারে হামলার খবরও পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, ওপেক প্লাস উৎপাদন বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০–৬৫ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। পাশাপাশি বিনিয়োগকারীরা পশ্চিমা নিষেধাজ্ঞা, সরবরাহ ঝুঁকি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখছেন। এদিকে যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল খনন যন্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭টি।
সামগ্রিকভাবে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও ইউক্রেন–রাশিয়া সংঘাত, ইরানের ভূমিকাসহ নানা আন্তর্জাতিক ইস্যু ভবিষ্যতে তেলের দামে প্রভাব ফেলতে পারে।
সূত্র : শাফাক নিউজ