তিন মাসেই বেড়েছে খেলাপি ঋণ, ছাড়াল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
মাত্র তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে আবারও বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ ও হার। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ শতাংশে।
এর আগে গত বছরের ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের হার কমে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছিল। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৭৫৩ কোটি টাকা। ফলে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।
তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম থাকায় আগের খেলাপি ঋণের সঙ্গে সুদ যুক্ত হয়েছে। এর ফলে খেলাপি ঋণের মোট পরিমাণ ও হার—দুইই বৃদ্ধি পেয়েছে।
এর আগে ঋণ আদায় ও পুনঃতফসিলের বিশেষ সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছিল। ফলে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ নেমে আসে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। সে সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা এবং মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। যা ডিসেম্বর শেষে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে নতুন ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
উল্লেখ্য, দেশের ইতিহাসে ২০১৯ সালের মার্চ মাসে প্রথমবারের মতো খেলাপি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকার সীমা অতিক্রম করে। সে সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ।