আরও ৭ দেশের নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন করে আরও সাতটি দেশের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ফিলিস্তিনি পাসপোর্টধারীদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য আদান-প্রদানে গুরুতর ও স্থায়ী ঘাটতি রয়েছে। এ কারণেই নতুন করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত করে ট্রাম্প প্রশাসন। ওই তালিকায় ছিল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

পরবর্তীতে গত ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা অন্তত ৩২টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে সে সময় বাকি দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হওয়ার ঘটনার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ ট্রাম্প প্রশাসনের জন্য অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে করা হচ্ছে।

কারণ, এর কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। একসময় আল-কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে শারার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও হোয়াইট হাউস সফরের আগে তা প্রত্যাহার করা হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495