ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) ভোর ২টা ১১ মিনিটে (স্থানীয় সময়) এ ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের কোনো প্রভাব সংযুক্ত আরব আমিরাতে পড়েনি এবং দেশটির বাসিন্দারাও কোনো ধরনের কম্পন অনুভব করেননি। এনসিএম-এর জাতীয় ভূকম্পন নেটওয়ার্ক বিষয়টি নিশ্চিত করেছে।

বিদেশি সংবাদমাধ্যমের বরাতে নিউজ এজেড জানায়, ভূমিকম্পটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশেই সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত আশপাশের কোনো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের কাছে সর্বশেষ উল্লেখযোগ্য ভূমিকম্প চলতি বছরের এপ্রিল মাসে সংঘটিত হয়। সে সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই সীমান্তবর্তী আরব সাগর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প শনাক্ত করেছিল।

বিশেষজ্ঞরা জানান, ওই কম্পন আরব উপসাগরের পুরোনো ফল্ট লাইনে সৃষ্ট চাপের কারণে হয়ে থাকে। মূলত আরব প্লেটের নড়াচড়া এবং ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষের ফলেই এমন ভূমিকম্প সৃষ্টি হয়।

এ অঞ্চলের প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে তুলনামূলকভাবে বেশি ভূমিকম্প হয়ে থাকে এবং মাঝেমধ্যে এর প্রভাব সংযুক্ত আরব আমিরাতেও অনুভূত হয়। এর আগে গত ৪ নভেম্বর দক্ষিণ মুসান্দামে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতে কম্পন অনুভূত হয়েছিল। তবে ১ ডিসেম্বর বাহরাইনে সংঘটিত ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কোনো প্রভাব পড়েনি।

এ ছাড়া, গত ২২ নভেম্বর ইরাকে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও সেটির প্রভাব আমিরাতে দেখা যায়নি। চলতি বছরের আগস্টে ওমানের মাধা অঞ্চলে ২ দশমিক ২ মাত্রার একটি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভৌগোলিকভাবে সংযুক্ত আরব আমিরাত বড় ধরনের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে না থাকলেও জাগ্রোস পর্বতমালার কাছাকাছি অবস্থান করায় মাঝে মাঝে হালকা কম্পন অনুভূত হয়। জাগ্রোস অঞ্চল বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প বলয় হিসেবে পরিচিত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495