ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কেরালার পালাক্কাড় জেলায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর কেরালার পালাক্কাড়ে যান রামনারায়ণ এবং সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
নিহতের স্বজন কিশান বাঘেল জানান, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। তিনি বলেন, রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে, যাদের বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর একদল লোক তাকে লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।