ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য কুমিরে ঘেরা একটি বিশেষ কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের অতিডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। প্রস্তাবটি দেশটিতে নতুন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, বন্দিদের পালিয়ে যাওয়ার আশঙ্কা ঠেকাতে এমন কারাগার নির্মাণের বিষয়টি ইসরায়েল প্রিজন সার্ভিস পর্যালোচনা করছে। তবে সংশ্লিষ্ট মহলের একাংশ এ প্রস্তাবকে ‘অস্বাভাবিক ও চরম’ বলে মন্তব্য করেছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত কারাগারটি উত্তর ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় নির্মাণের পরিকল্পনা রয়েছে। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে ইতোমধ্যে একটি নিয়ন্ত্রিত কুমির অভয়ারণ্য রয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেখানে আরও কুমির আনার কথাও ভাবা হচ্ছে।

এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের মানবাধিকার সংগঠন বি’ত্সেলেম। সংগঠনটির চেয়ারম্যান অর্লি নোয় বলেন, এ ধরনের পরিকল্পনা ইসরায়েলের বর্তমান নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে। এটি মানবিকতা ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির উত্থাপিত আরেকটি বিতর্কিত বিলের ওপর শিগগিরই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বিল পাস হলে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যাদের বিরুদ্ধে ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

তবে সমালোচকরা বলছেন, একই ধরনের অপরাধে অভিযুক্ত ইসরায়েলি নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের প্রস্তাব ও আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং ন্যায্য বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495