বিজেপিমুক্ত ভারত না হওয়া পর্যন্ত শান্ত হবো না: মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দেশ থেকে বিজেপির বিদায় না হওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না। একই সঙ্গে বিজেপির সহযোগী ও দালালদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচিতে এসব কথা বলেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করার আহ্বান জানান।
মমতা ব্যানার্জি বলেন, বিজেপিকে শূন্য করতে হবে এবং তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তিনি দাবি করেন, বাংলায় লড়াই জিতলে দিল্লির ক্ষমতাও দখল করা সম্ভব হবে। বিজেপি বাংলাকে বঞ্চিত করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্য থেকে বিদায় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা আগে বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের প্রতিও তার আবেদন—ভয় না পেয়ে বিজেপিকে ভোট না দিতে। সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তাকে ‘অপদার্থ হোম মিনিস্টার’ আখ্যা দিয়ে তিনি বলেন, এমন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আগে কখনও দেখেননি।
মমতা ব্যানার্জি আরও বলেন, অমিত শাহ স্বৈরাচারী মনোভাব নিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এমনকি প্রধানমন্ত্রীও তার নিয়ন্ত্রণে রয়েছেন বলে তার সন্দেহ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দাঙ্গাকারীরা যদি দেশ পরিচালনা করে, তাহলে সেই দেশের ভবিষ্যৎ কী হতে পারে।