বাংলাদেশ ইস্যুতে সতর্ক ভারত: ত্রিপুরায় ১৯৭১-এর যুদ্ধে অংশ নেয়া সেনা ব্যাটালিয়ন মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
বাংলাদেশে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) বিজেপির লিগ্যাল সেলের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মানিক সাহা জানান, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিয়মিতভাবে মাঠপর্যায়ের তথ্য দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি বলেন, যে সেনা ব্যাটালিয়নটি ১৯৭১ সালের যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেটিই বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেন, আধুনিক যুগে যুদ্ধের জন্য সবসময় সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি প্রয়োজন হয় না। প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি ক্লিকের মাধ্যমেও বড় ধরনের আঘাত হানা সম্ভব।
বাংলাদেশে চলমান অস্থিরতার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে মৌলবাদী শক্তির সক্রিয় হওয়া ছিল প্রত্যাশিত। পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে ভারতের উত্থানের বিরোধী শক্তির পূর্বপরিকল্পিত পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলোনিয়া মহকুমাসহ সংবেদনশীল সীমান্ত এলাকায় পরিদর্শন করে তারা মাঠপর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করেন।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, কমান্ডের জিওসি-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে দায়িত্বরত সেনাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
উল্লেখ্য, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশ এখনও কাঁটাতারবিহীন।