বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যে দায়িত্ব পালনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত জওয়ানকে প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে পাঠানো হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, আহত জওয়ানের নাম বিপিন কুমার। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং তার বয়স ৩৫ বছর। কর্তব্যরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি ক্ষত পাওয়া গেছে। তার অবস্থা সংকটজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এবং ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495