ভারতে ‘বাংলাদেশি সন্দেহে’ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় তার আরও দুই সহকর্মী মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উড়িশার সম্বলপুর জেলার দানিপালি এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত যুবকের নাম জুয়েল রানা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন নির্মাণশ্রমিক। মাত্র পাঁচ দিন আগে কাজের সন্ধানে তিনি উড়িশায় যান বলে জানায় তার পরিবার।

জুয়েলের সহকর্মীরা জানান, বুধবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে পরিচয়পত্র দেখতে চায়। এরপরই তাদের মারধর শুরু হয়। এতে জুয়েল রানা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্বলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) তৌফান বাগ বলেন, তিনজন শ্রমিক একটি এলাকায় বিড়ি খাচ্ছিলেন। সে সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের আধার কার্ড দেখতে চায়। পরে তাদের ওপর হামলা চালানো হয়। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ শনাক্তকরণ অভিযান জোরদার হওয়ার পর থেকেই বাংলাভাষী মুসলমানরা বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন হিসেবে হামলার শিকার হচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495