হাত মেলানোর ২ দিন পরই পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দনের দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জয়শঙ্কর এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে ভারতের একটি খারাপ প্রতিবেশী রয়েছে। পশ্চিম দিকের একটি দেশ ইচ্ছাকৃতভাবে, ধারাবাহিকভাবে এবং কোনো অনুশোচনা ছাড়াই সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষার অধিকার ভারতের রয়েছে এবং সেই অধিকার প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, কীভাবে এই অধিকার প্রয়োগ করা হবে, সেটি একান্তই ভারতের সিদ্ধান্ত। এ বিষয়ে অন্য কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, ভারত তাই করবে বলে মন্তব্য করেন তিনি।

কাশ্মির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, চলতি বছরের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে গত ৭ মে ভোরে দেশটির ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। এতে চারদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এই সংঘর্ষের প্রেক্ষাপটে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে জয়শঙ্কর বলেন, কোনো দেশ যদি বছরের পর বছর সন্ত্রাসবাদ চালিয়ে যায় এবং প্রতিবেশীসুলভ আচরণ না করে, তাহলে একদিকে সন্ত্রাস চালিয়ে অন্যদিকে পানিবণ্টনের সুবিধা দাবি করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যে প্রতিবেশী ক্ষতিকর নয়, তার প্রতি সহযোগিতার হাত বাড়ানো স্বাভাবিক। ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সেই নীতিতেই সম্পর্ক বজায় রাখে।

উল্লেখ্য, গত বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক। সে সময় দুজনের মধ্যে সাক্ষাৎ হয় এবং তারা করমর্দন ও সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495