মাদুরো যুক্তরাষ্ট্রে বন্দি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটির রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর প্রশাসনিক শূন্যতা এড়াতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আপাতত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, দেশের প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগ জরুরি হয়ে পড়েছে। সেই বিবেচনায় ডেলসি রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক কাঠামো কীভাবে কার্যকর থাকবে—সে বিষয়ে আদালত পরবর্তী সময়ে আরও আলোচনা ও পর্যালোচনা করবেন বলে জানানো হয়।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের অধীনে রাষ্ট্র পরিচালনার পথ উন্মুক্ত হলো।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী সহযোগিতা করলে দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করা হবে না।
নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্র একাধিকবার আলোচনা করেছে। তিনি পরিস্থিতি বুঝতে পারছেন এবং ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প।
মাদুরো আটকের পর ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা কার হাতে থাকবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সহযোগিতা করলে সেখানে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না।