আপনার ‘বোন’কে আগে বাংলাদেশে পাঠান, মোদিকে ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ওয়াইসি বলেন, দিল্লিতে মোদির যে ‘বোন’ বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। একই সঙ্গে তিনি মহারাষ্ট্র সরকারকে লক্ষ্য করে বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণকে বলা হচ্ছে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আরও একজনকে তাড়িয়ে দেওয়া হোক। যিনি মোদিজির বোন হিসেবে দিল্লিতে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

এই বক্তব্য দেওয়ার সময় সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে। ওয়াইসি স্লোগান দেওয়ার আহ্বান জানালে উপস্থিত জনতা তাতে সাড়া দেন। পরে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, এই আওয়াজ শুনুন, তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন এবং বাংলাদেশে পৌঁছে দিন।

এর আগেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এর জবাবে ওয়াইসি বলেন, বিহারে বা সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নেই।

ওয়াইসি তখন দাবি করেন, মোদিজি বলছেন বিহারে বাংলাদেশি রয়েছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। বরং দিল্লিতে বাংলাদেশ থেকে আসা একজন বসে আছেন। তাকে সীমান্ত এলাকায় পাঠানো হলে সেখান থেকেই বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে।

ওয়াইসির এসব বক্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনার দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495