আদালতে নির্দোষ দাবি করে মাদুরো বললেন ‘আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

ছবি: সংগৃহীত

মাদক-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে হাজির হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। একই সঙ্গে তিনি আদালতে দাবি করেন, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং তাকে জোরপূর্বক আটক করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে তাকে হাজির করা হয়। এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্ট সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো পড়ে শোনান। এরপর নিজের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মাদুরো বলেন, উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে মাদুরোর আইনজীবী আদালতকে জানান, এই মুহূর্তে তার মক্কেল জামিনের জন্য আবেদন করছেন না। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জামিন চাওয়া হতে পারে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন বিচারক অ্যালভিন হেলারস্টাইন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495