ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেলসি রদ্রিগেজ। মঙ্গলবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

দেলসি রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং একসময় প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার শপথ গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন নিকোলা মাদুরো। সে সময় তিনি বলেন, ‘আমি একজন সজ্জন ব্যক্তি। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট।’ একই সঙ্গে নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবেও দাবি করেন তিনি।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ আনা হয়েছে। এদিকে শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি।’ পাশাপাশি তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন।

সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। তিনি তার বাবা-মায়ের দ্রুত দেশে ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। একই সময় মাদুরো ও দেলসির সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

অন্যদিকে মাদুরোকে আটক করার ঘটনায় জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এ ঘটনাকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ হিসেবে আখ্যা দেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভাণ্ডার কোনো ‘পলাতক অপরাধীর’ হাতে ছেড়ে দেওয়া যায় না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে। একই সঙ্গে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। তবে দেলসি রদ্রিগেজ উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় পরিসরে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495