বাংলাদেশি বেলুন উড়ে গিয়ে পড়ল ভারতে, আসামজুড়ে আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বিশাল গ্যাস বেলুন ঘিরে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার আসামের কাছার জেলার একটি মাঠে বেলুনটি নেমে আসলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসে কাছার জেলার বরখোলা এলাকায় পড়ে। অস্বাভাবিক আকারের বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাছার জেলা পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়া বেলুনটির গায়ে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলুনটি নামতে দেখেই তারা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।
কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।