যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব দিল ইরান, ট্রাম্প বললেন ‘আগে হামলা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান—এমন দাবি করলেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হোসেইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্পের ভাষায়, “ইরানের নেতারা গতকাল ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চান।”

তবে আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, ইরানে এমন কিছু মানুষ নিহত হয়েছেন, যাদের নিহত হওয়ার কথা নয়। তিনি অভিযোগ করেন, দেশটির নেতারা সহিংস এবং সহিংসতার মাধ্যমেই তারা দেশ শাসন করছে কি না, সে প্রশ্নও তোলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং একাধিক কঠোর বিকল্প বিবেচনায় রয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ইরান কোনো ‘রেড লাইন’ অতিক্রম করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে নির্দিষ্ট সামরিক পরিকল্পনা প্রকাশে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, কোথায়, কখন ও কীভাবে আঘাত হানা হবে, তা আগেভাগে জানানো হবে না।

ট্রাম্প আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তিনি প্রতি ঘণ্টায় হালনাগাদ তথ্য পাচ্ছেন। বিক্ষোভে হতাহতের বিষয়ে তিনি বলেন, জনসমাগমের ভিড়ে পদদলিত হয়ে কিছু মানুষ মারা গেছে এবং কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছে।

ইরান বা তাদের মিত্রদের সম্ভাব্য পাল্টা জবাবের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যদি তারা প্রতিক্রিয়া জানাতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন মাত্রার আঘাত হানবে, যা তারা আগে কখনো দেখেনি।

নিজের কঠোর অবস্থানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা ইরানের আগেই বোঝা উচিত ছিল। তিনি সোলেইমানি ও আল-বাগদাদি হত্যাকাণ্ড এবং ইরানের পারমাণবিক হুমকি দমনের উদাহরণ তুলে ধরে বলেন, এসবের পরও যদি তারা হুমকিকে গুরুত্ব না দেয়, তবে সেটাই তাদের ভুল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495