নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে ট্রাম্প জানিয়ে দেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

এই ঘোষণার সময়কালটি আসে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের এক সপ্তাহ পর। ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় বলে দাবি করা হচ্ছে। অভিযানের সময় ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হওয়ার কথাও বিভিন্ন সূত্রে বলা হয়েছে।

মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাত তদারক করবে এবং দেশটির সরকার কাঠামো সংস্কারে ভূমিকা রাখবে।

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট মাদুরো আটক হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। সেনাবাহিনীও তাকে সমর্থন দেয়। ডেলসি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করলেও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বর্তমানে ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প—উভয়েই নিজেদের ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী কি না—এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495