ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে: সিবিএস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হয়ে প্রায় ২০ হাজারে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সিবিএস জানায়, এতদিন বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা জানা যাচ্ছিল, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি। টেলিফোন যোগাযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন ভেতরের তথ্য বাইরে আসতে শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, সিবিএসের সঙ্গে কথা বলা দুটি সূত্র জানিয়েছে—সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। এর মধ্যে একটি সূত্র ইরানের ভেতর থেকেই এই তথ্য দিয়েছে। তাদের ধারণা, নিহতের সংখ্যা ২০ হাজারেও পৌঁছাতে পারে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে জানান, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তিনি স্বীকার করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

সিবিএস জানায়, মঙ্গলবার থেকে ইরানে অভ্যন্তরীণ টেলিফোন যোগাযোগ আংশিক স্বাভাবিক হলেও দেশের বাইরে সরাসরি যোগাযোগ এখনো কঠিন। তবে একটি সূত্র মানবাধিকার সংস্থা, হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা নিরূপণের চেষ্টা করছে।

ওই সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালিয়ে আহতদের পরিচয় ও তথ্য সংগ্রহ করছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে।

এ ছাড়া ওয়াশিংটনের একটি সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরানের ভেতরের সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে—সাম্প্রতিক কয়েক দিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সিবিএস আরও জানায়, গত পাঁচ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে। এর একটি ভিডিওতে তেহরানের উপকণ্ঠের একটি হাসপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ দেখা গেছে। সেখানে চিকিৎসকদের মরদেহের ক্ষত পরীক্ষা করতে এবং স্বজনদের প্রিয়জনের লাশ খুঁজতে দেখা যায়। অন্য হাসপাতালগুলোর অবস্থাও একই রকম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : সিবিএস

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495