জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের সত্যতা স্বীকার করে যা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকের সত্যতা নিশ্চিত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকটিও সেই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল—এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, এক ভারতীয় কূটনীতিক তার সঙ্গে বৈঠক করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন।

ডা. শফিকুর রহমান ওই সময় আরও বলেন, সব দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক স্বচ্ছ ও উন্মুক্ত হওয়া উচিত। দুই দেশের স্বার্থে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও তখন ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অবশেষে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৈঠকের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495