‘৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পেলাম না, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

আটটি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি কেবল শান্তি নিয়েই ভাবতে বাধ্য নন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠিতে এ কথা জানান তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য প্রকাশ করে।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আমাকে আটটি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার। এ কারণে আমি আর শুধু শান্তি নিয়ে চিন্তা করার দায়বদ্ধতা অনুভব করছি না।’

চিঠিতে গ্রিনল্যান্ড প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ডেনমার্ক এককভাবে গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করতে পারবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের মালিকানার পক্ষে কোনো লিখিত দলিলও নেই।

ন্যাটো প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের জন্য আমি যে পরিমাণ অবদান রেখেছি, অন্য কেউ রাখেনি। এখন ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা।’ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতি এবং নরওয়ে–যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495