নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশ দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
নিজের কোনো ক্ষতি হলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য নিজেই প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য আসে ইরানের পক্ষ থেকে দেওয়া কড়া হুমকির পরপরই। এর আগে ইরান হুঁশিয়ারি দেয়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে শুধু ট্রাম্পের হাত বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে।
এ বিষয়ে ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন, আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতই বিচ্ছিন্ন করব না। এটি কোনো স্লোগান নয়, বাস্তবতা।” তিনি আরও হুমকি দিয়ে বলেন, “আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ জায়গা থাকবে না।”
ইরানি জেনারেলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আমার জন্য খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। যদি আমার কিছু হয়, তাহলে তারা (মার্কিন বাহিনী) ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”
ট্রাম্প আরও জানান, গত বছরও তিনি একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যার চেষ্টা করে, তবে দেশটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।