ট্রাম্পের মন গলাতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার দেলসি রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বুধবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।
এই সফরের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্প প্রশাসনের আগ্রহ আরও স্পষ্ট হলো। সফরটি বাস্তবায়িত হলে, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সফরকারী ভেনেজুয়েলার প্রথম দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন দেলসি রদ্রিগেজ।
সফর প্রসঙ্গে দেলসি রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে হাঁটতে চায় তার সরকার। কোনো ভয় বা দ্বিধা ছাড়াই পারস্পরিক মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে আগ্রহী তারা।
বিশ্লেষকদের মতে, এই সফর ওয়াশিংটন–কারাকাস সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে তলানিতে ঠেলে দিয়েছিল।
উল্লেখ্য, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে দেলসি রদ্রিগেজ ছিলেন যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের সরকারের উপ-রাষ্ট্রপতি এবং নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী। তবে ক্ষমতায় আসার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছেন।
তবে এখনো যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন দেলসি রদ্রিগেজ। এর মধ্যে তার সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে।
এদিকে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকলেও যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন রদ্রিগেজ। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ সহজ করা এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তির উদ্যোগ নিয়েছে তার সরকার।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেলসি রদ্রিগেজ খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন, যদিও এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।