আগামী সপ্তাহে খুলে দেয়া হবে গাজার রাফাহ সীমান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ ছিল গাজার একমাত্র বাইরের বিশ্বের সঙ্গে সংযোগস্থল রাফাহ সীমান্ত ক্রসিং। অবশেষে সেই সীমান্ত পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শুক্রবারের (২৩ জানুয়ারি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে এ ঘোষণা দেন গাজা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলি শাথ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন।

আলি শাথ জানান, আগামী সপ্তাহ থেকে মিশর ও গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং দুই দিক থেকেই খুলে দেওয়া হবে। তিনি বলেন, রাফাহ শুধু একটি সীমান্ত ক্রসিং নয়, এটি গাজার মানুষের জন্য নতুন সম্ভাবনার প্রতীক।

তিনি আরও উল্লেখ করেন, রাফাহ পুনরায় চালু হলে গাজাবাসীর মানবিক সংকট কিছুটা হলেও লাঘব হবে। তবে এ ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার আওতায় গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও মানবিক সহায়তা প্রবেশ এবং গুরুতর অসুস্থ রোগীদের গাজা ছাড়ার সুযোগ দিতে সীমান্ত খুলতে দীর্ঘদিন গড়িমসি করে আসছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে গাজার অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে, যার মধ্যে রাফাহ সীমান্তসংলগ্ন এলাকাও অন্তর্ভুক্ত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495