চীন কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে: ট্রাম্পের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
বন্ধুত্বের আড়ালে চীন কানাডাকে এক বছরের মধ্যেই গিলে খাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করায় কানাডার বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা, অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করার পরিবর্তে কানাডা চীনের সঙ্গে ব্যবসা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে, যারা এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে বলে মন্তব্য করেন তিনি।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায়ই দেশটির নেতৃত্বের সমালোচনা করতে দেখা যাচ্ছে তাকে।
সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে কানাডা। ওই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই চুক্তি সম্পন্ন করেন। এরপরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো।
যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এর পরেই রয়েছে চীন। যদিও এক সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল, তবে সম্প্রতি আবারও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় ট্রাম্প দাবি করেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে স্বাভাবিকভাবেই এর সুরক্ষা সুবিধা কানাডাও পাবে। সে সময় তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে নানা সুবিধা পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কারণেই দেশটি টিকে আছে।
ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’
কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি মনে রাখার আহ্বান জানান।
তবে ট্রাম্পের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তিনি বলেন, ‘কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। আমরা সফল হচ্ছি কারণ আমরা কানাডিয়ান।’