বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলায় গ্রেপ্তার ভারতীয় অভিনেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
বাংলাদেশ ক্রিকেটের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব কামাল আর খান, যিনি কেআরকে নামেই বেশি পরিচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে কেন্দ্র করে এ ঘটনা ঘিরে ভারতজুড়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মুম্বাই পুলিশ কেআরকেকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন মত প্রকাশ করেছেন অনেক নেটিজেন।
তাদের অভিযোগ, বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে ভারতের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা করায় কেআরকেকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কারণ, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি প্রায় এক সপ্তাহ আগের হলেও এ বিষয়ে এতদিন কোনো অভিযোগ বা তৎপরতা দেখা যায়নি। ২২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করার পরই প্রশাসনের নজরে আসেন তিনি।
গ্রেপ্তারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কেআরকে লেখেন, ‘অবশেষে ক্রিকেটের জগৎও ধ্বংসের পথে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি পাকিস্তানও বহু বছর ধরে ভারতে খেলছে না।’
এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই দাবি করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ ও সরকারের জন্য বড় ধাক্কা। বিষয়টি প্রকাশ্যে তুলে ধরার কারণেই কেআরকেকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
কেআরকের গ্রেপ্তার এবং তার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে—ভারতে ক্রিকেট ও রাজনীতির সম্পর্ক কতটা গভীর এবং মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত।