বাংলাভাষী মুসলিমদের নিপীড়নের বিষয়ে এবার ভারতকে জাতিসংঘের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি ভারতের আসামে বসবাসরত বাংলাভাষী মুসলিমদের ওপর বৈষম্য, জোরপূর্বক উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি ১৯ জানুয়ারি জেনেভা থেকে ভারতের স্থায়ী প্রতিনিধিকে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তালিকা থেকে বিপুলসংখ্যক বাংলাভাষী মুসলিমকে বাদ দেওয়া হয়েছে। অনেকের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে। তাছাড়া, সরকার কোনো বিকল্প আবাসন বা ক্ষতিপূরণ ছাড়াই পরিবারগুলোকে উচ্ছেদ করছে, বিশেষ করে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠীর ওপর।

কমিটি আরও সতর্ক করে জানিয়েছে, ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য ও উস্কানিমূলক প্রচারণা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত অভিযোগগুলো অনুসন্ধান করা উচিত।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসেও ভারত সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু মূল অভিযোগ—বিশেষ করে এনআরসি-তে বৈষম্য—এড়িয়ে যাওয়া হয়েছে। ‘নন-অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট’ বা ‘অ-আদিম অধিবাসী’ এর মতো অস্পষ্ট সংজ্ঞা ব্যবহার করে নাগরিকত্ব নির্ধারণে আইনি প্রশ্ন তৈরি হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, আসামের বাংলাভাষী মুসলিমরা নদী ভাঙনের শিকার এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লেও নাগরিকত্ব প্রমাণের কঠোর পরীক্ষার শিকার হচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495