বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি: শেহবাজ শরীফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান—এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। ওই ঘটনার পর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার ঘোষণা দেয় দেশটি।
শুরুর দিকে ম্যাচ বয়কটের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেহবাজ শরীফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার—আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমার বিশ্বাস, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা ছিল সঠিক সিদ্ধান্ত।”
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যেই ম্যাচটি না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।