বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিকভাবে সম্প্রসারিত করার প্রত্যাশা রয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
জয়সওয়াল আরও বলেন, ভারত-বাংলাদেশ সহযোগিতা উষ্ণ ও ঐতিহ্যবাহী সম্পর্কের ভিত্তিতে আরও বিস্তৃত ও গভীর করার আশা করছে নয়াদিল্লি। বাংলাদেশে ভিসা কার্যক্রমসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচনের উদাহরণ তুলে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে সমালোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। তবে বিজেপি নেতারা এই মন্তব্যকে সমালোচনা করে বলেছেন, মমতার বক্তব্য অতিরিক্ত উৎসাহ প্রদর্শন এবং জামায়াতকে সমর্থন করার ইঙ্গিত বহন করছে।