ভারতে জাদুটোনার অভিযোগে নারী ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড-এ জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাস বয়সী শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালায় একদল উত্তেজিত ব্যক্তি। হামলায় তার স্বামী কোলহান সিংকুও গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রামে ছড়িয়ে পড়া গুজব ও কুসংস্কারই এ হামলার পেছনে মূল কারণ। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর জন্য জ্যোতি সিংকুকে দায়ী করা হয়। এরপরই উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত কুদসাই গ্রামে এ ঘটনা ঘটে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে জাদুটোনার অভিযোগে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।