বাংলাদেশসহ সব দেশের ওপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি পণ্যের ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। দেশটির সর্বোচ্চ আদালত শুল্কনীতি বাতিল করার একদিন পরই তিনি নতুন এ সিদ্ধান্ত নেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, আগের ঘোষিত ১০ শতাংশ শুল্ক এখন থেকে ১৫ শতাংশ হিসেবে কার্যকর হবে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায়ে উল্লেখ করেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্তের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। আদালত জরুরি ভিত্তিতে আরোপিত শুল্ককে অবৈধ বলে ঘোষণা দেন।
তবে আদালতের রায়ের পর ট্রাম্প প্রথমে ১০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপের কথা বলেন। পরে একই দিনে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, বহু দেশ দীর্ঘদিন ধরে বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেই পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ঘোষিত ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। পাশাপাশি এটিকে স্থায়ী রূপ দিতে প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত নানা পণ্যের দাম বৃদ্ধি পায়। সর্বশেষ এ ঘোষণায় বাংলাদেশসহ বিশ্বের রপ্তানিকারক দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।