খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে পুতিন খামেনির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ঘটনা মানবিক নৈতিকতার সব আদর্শ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রাশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পুতিন তার বার্তায় ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনাকে ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের শামিল।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার ও দায়িত্ব। ইরান এ ঘটনাকে একটি ঐতিহাসিক অপরাধ হিসেবে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।
খামেনি হত্যাকাণ্ডের জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।