ইরানের সর্বোচ্চ নেতা হত্যায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
রোববার (১ মার্চ) ইরান কর্তৃপক্ষ সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর এক বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম।
বিবৃতিতে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের দায়িত্ব দ্রুত পালন করা হবে। পাশাপাশি প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখা এবং মার্কিন আগ্রাসন প্রতিহত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
হিজবুল্লাহ প্রধানের এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সমর্থনে যেকোনো সময় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ। ইসরায়েলসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে সংঘাতের বিস্তৃতি লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, তার দেশ নতুন কোনো সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লেবাননবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নওয়াফ সালাম বলেন, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সঙ্গে বিদেশি কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।