মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের অর্থনীতি ও জ্বালানিতে চাপ ফেলবে: রাজনাথ সিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব ভারতের অর্থনীতি ও বাণিজ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার (৬ মার্চ) কলকাতায় আয়োজিত সমুদ্র বিষয়ক সম্মেলন ‘সাগর সংকল্প’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাজনাথ সিং বলেন, হরমুজ প্রণালী এবং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্ব জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে তা সরাসরি তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব ফেলে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে এক ধরনের অস্বাভাবিক বাস্তবতা তৈরি করছে, যা ধীরে ধীরে নতুন স্বাভাবিক অবস্থায় রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের কারণে পুরো অঞ্চলের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং ভবিষ্যতে তা আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দেশ স্থল, আকাশ, সমুদ্র এমনকি মহাকাশেও প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে। এই প্রবণতা বিশ্বব্যবস্থার জন্য উদ্বেগজনক এবং ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তিনি জানান, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি ধীরে ধীরে বিশ্ব রাজনীতির নতুন স্বাভাবিক বাস্তবতায় পরিণত হচ্ছে।
এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতও জ্বালানি আমদানির বিকল্প পথ খুঁজছে। ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে রাশিয়া।
তবে রাশিয়া থেকে তেল আমদানি করলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের মুখে পড়ার সম্ভাবনা থাকায় কিছুটা দ্বিধায় ছিল ভারত সরকার। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের জন্য বিশেষ ছাড় দেওয়ার অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।