ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

বিমানবাহিনী জানায়, রাশিয়ায় নির্মিত সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর পরপরই অনুসন্ধান অভিযান শুরু করা হয়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, যুদ্ধবিমানটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পাহাড়ি এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আকাশে আগুনের গোলা দেখতে পান।

এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে তারা।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। আর ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, সুখোই এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনের বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই এটি তৈরি করেছে। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে এই যুদ্ধবিমান তৈরি করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495