যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান, ইরানে ৬৬০ সুন্নি আলেমের বিবৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সুন্নি মুসলিম সমাজের শতাধিক ধর্মীয় নেতা। ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম সমাজের ৬৬০ জন আলেম এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং দেশের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পার্স টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই যৌথ বিবৃতিতে আলেমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তারা বলেন, সর্বোচ্চ নেতা তার দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে অবস্থান এবং বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানিয়ে অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন।
বিবৃতিতে ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মুসলিম বিশ্বের আলেম-ওলামা, চিন্তাবিদ এবং স্বাধীনতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
তাদের মতে, এই হামলা শুধু কোনো নির্দিষ্ট দেশ বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি সমগ্র ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের অংশ। তাই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার আহ্বানও জানান তারা।